উড়ন্ত বিমানে অজানা আতঙ্ক! মমতাকে বাঁচাতে কী করেছিলেন পাইলট? – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম বর্ধমান ও বীরভূমে নির্বাচনী প্রচার সেরে বৃহস্পতিবার কলকাতা ফেরার পথে প্রবল প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। বিকেলের দিকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করা আসাম্ভব হয়ে পড়ে। ফলে ছোট চার্টার্ড বিমানটি দীর্ঘক্ষণ মাঝ আকাশেই চক্কর কাটতে বাধ্য হয়। এক পর্যায়ে জ্বালানি ফুরিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলেও প্রায় ৭০ মিনিট পর দুর্যোগ কমলে বিমানটি ৫টা ১৯ মিনিট নাগাদ নিরাপদে অবতরণ করে।
শুক্রবার অন্ডাল যাওয়ার পথে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং তাঁকে সুরক্ষিত রাখতে সবরকম চেষ্টা চালিয়েছেন। বেহালা ফ্লাইং ক্লাবে তিনবার অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত কলকাতা বিমানবন্দরেই নামানো হয় বিমানটি। পাইলটের পেশাদারিত্ব ও দক্ষতার কারণেই বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার ৩টে ৩৯ মিনিটে অন্ডাল থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া খারাপ হতে শুরু করে। বিমানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষীরাও ছিলেন। দীর্ঘক্ষণ অনিশ্চয়তার মধ্যে কাটানোর পর মুখ্যমন্ত্রী নিরাপদে ফিরলে উদ্বেগ মুক্ত হয় প্রশাসন। অবতরণের পর তিনি সরাসরি কালীঘাটের বাসভবনে ফিরে যান। রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল।

