উত্তরবঙ্গে তিন আসনে প্রার্থী দিল না তৃণমূল, শিলিগুড়িতে গৌতম দেব ও রাজগঞ্জে স্বপ্না বর্মন – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন নির্বাচনে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। পাহাড়ের তিনটি আসন— দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াংয়ে অনীত থাপার দলের সঙ্গে সমঝোতা হওয়ায় সেখানে কোনো প্রার্থী দেয়নি শাসকদল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, রাজ্যজুড়ে মোট ২৯১টি আসনে লড়াই করবে তৃণমূল। পাহাড়ের আসনগুলো বাদ রেখে উত্তরবঙ্গের বাকি কেন্দ্রগুলিতে অভিজ্ঞ ও নতুন মুখের সংমিশ্রণে প্রার্থী তালিকা সাজানো হয়েছে।
উত্তরবঙ্গের তালিকায় বিশেষ চমক হিসেবে উঠে এসেছেন প্রাক্তন ক্রিকেটার তথা বাংলা দলের বোলিং কোচ শিবশঙ্কর পাল এবং খ্যাতনামা অ্যাথলিট স্বপ্না বর্মন। শিবশঙ্কর লড়বেন তুফানগঞ্জ থেকে এবং স্বপ্নাকে প্রার্থী করা হয়েছে রাজগঞ্জ আসনে। এছাড়া দলের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে তাঁর পুরনো কেন্দ্র শিলিগুড়ি থেকেই লড়াইয়ের ময়দানে নামানো হয়েছে।
প্রার্থী তালিকায় একঝাঁক নতুন মুখের পাশাপাশি বেশ কিছু আসনে রদবদল ঘটিয়েছে তৃণমূল নেতৃত্ব। কোচবিহারের উদয়ন গুহ, দিনহাটা থেকে এবং আলিপুরদুয়ারে সুমন কাঞ্জিলালকে মনোনীত করা হয়েছে। এছাড়া মালদহ ও মুর্শিদাবাদ জেলার গুরুত্বপূর্ণ আসনগুলোতেও দলের পক্ষ থেকে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। পাহাড়ের মিত্রতার বার্তা এবং সমতলে নতুন মুখের উপস্থিতিতে উত্তরবঙ্গে ঘাসফুল শিবিরের প্রচার কৌশল এখন চূড়ান্ত পর্যায়ে।

