লেটেস্ট নিউজ

উত্তরবঙ্গে তৃণমূল পাবে শূন্য আসন, নন্দীগ্রামে ভোট প্রস্তুতি শুরু করে বড় দাবি শুভেন্দুর

আসন্ন নির্বাচনের রণকৌশল সাজাতে নিজের গড় নন্দীগ্রামে কোমর বেঁধে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুথ স্তরের সংগঠনকে মজবুত করতে তিনি এলাকায় ‘পাড়া বৈঠক’ কর্মসূচি শুরু করেছেন। দলীয় কর্মীদের জনসংযোগ বাড়ানোর পরামর্শ দিয়ে শুভেন্দু জানান, আকাশছোঁয়া লক্ষ্য থাকলেও মাটির লড়াইয়ে যেন কোনো খামতি না থাকে। বিজেপি রাজ্যজুড়ে এই ধরণের প্রায় ২ লক্ষ ছোট বৈঠকের পরিকল্পনা করেছে বলে তিনি উল্লেখ করেন।

উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী মেজাজে ধরা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, উত্তরবঙ্গের মোট ৫৪টি আসনের মধ্যে বিজেপি ৪৫টিরও বেশি আসনে জয়লাভ করবে। মালদা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় তৃণমূল কংগ্রেস একটি আসনও পাবে না বলে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। গত বিধানসভা ও লোকসভা নির্বাচনের ফলের রেশ টেনেই তৃণমূলকে ‘শূন্য’ হাতে ফেরার হুঁশিয়ারি দিলেন এই বিজেপি নেতা।

দলের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার দলবদল প্রসঙ্গে শুভেন্দু সাফ জানান, যারা নির্দল হিসেবে লড়াই করে জনভিত্তি হারিয়েছেন, তাদের চলে যাওয়ায় বিজেপির কোনো ক্ষতি হবে না। উল্টে তৃণমূলের অনেক বিধায়ক বিজেপিতে আসতে চাইলেও দল তাদের নেবে না বলে তিনি দাবি করেন। রাজ্যে বিজেপি সরকার গঠন এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা—এমনটাই মনে করছেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর মতে, বর্তমান সরকারের ওপর বীতশ্রদ্ধ হয়ে মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *