লেটেস্ট নিউজ

উত্তরবঙ্গে পুরনো মুখেই ভরসা বিজেপির, প্রার্থী তালিকায় শঙ্কর-শিখা-আনন্দরাই – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকের পর এই তালিকা প্রকাশ করা হয়। উত্তরবঙ্গের জেলাগুলিতে তৃণমূল কংগ্রেসের মোকাবিলায় গেরুয়া শিবির মূলত অভিজ্ঞ ও পুরনো সৈনিকদের ওপরই আস্থা রেখেছে। নিজেদের শক্ত জমি ধরে রাখতে পরীক্ষিত মুখদেরই অগ্রাধিকার দিয়েছে দলের হাইকমান্ড।

শিলিগুড়ি আসনে বিধায়ক ডঃ শঙ্কর ঘোষের পাশাপাশি মাটিগাড়া-নক্সালবাড়িতে আনন্দময় বর্মন ও জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়িতে শিখা চট্টোপাধ্যায়ের নাম চূড়ান্ত করা হয়েছে। কোচবিহারের দিনহাটায় অজয় রায় এবং আলিপুরদুয়ারের কালচিনিতে বিশাল লামা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও রায়গঞ্জে কৌশিক চৌধুরী ও কালিয়াগঞ্জে উৎপল মহারাজের মতো পরিচিত মুখদের ওপর পুনরায় ভরসা রেখেছে দল।

তালিকায় বালুরঘাটে বিদ্যুৎ রায় এবং তপনে বুধরাই টুডুর নাম রয়েছে। তবে ইংরেজবাজারের বিদায়ী বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর নাম এই দফায় রাখা হয়নি। প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দেওয়াল লিখন ও জোরদার প্রচার শুরু করেছে বিজেপি কর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ প্রার্থীদের জয়লাভের সম্ভাবনা বেশি মনে করেই এই কৌশল নিয়েছে পদ্ম শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *