উত্তরবঙ্গে বাংলাদেশিদের ‘নো-এন্ট্রি’! শিলিগুড়ি থেকে মালদহ—হোটেলে হোটেলে ঝুলল নিষেধাজ্ঞার পোস্টার – এবেলা
এবেলা ডেস্কঃ
ওপার বাংলায় অস্থিরতা ও হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে এবার কড়া পদক্ষেপ নিল উত্তরবঙ্গের হোটেল মালিকরা। শিলিগুড়ি, মালদহ এবং কোচবিহার—এই তিন জেলার কোনো হোটেলেই আর বাংলাদেশি নাগরিকদের ঘর ভাড়া দেওয়া হবে না। শুক্রবার সকাল থেকেই শিলিগুড়ির ১৮০টি হোটেলসহ মালদহের বিভিন্ন হোটেল চত্বরে ‘বাংলাদেশিদের প্রবেশ নিষেধ’ লেখা পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়েছে।
শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক উজ্জ্বল ঘোষ জানিয়েছেন, ভারত সরকার বর্তমানে বাংলাদেশে অধিকাংশ ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। সেই পরিস্থিতির সঙ্গে সংহতি জানিয়ে এবং জাতীয় স্বার্থে তাঁরাও বাংলাদেশি পর্যটকদের জন্য দরজা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে চিকিৎসা বা শিক্ষার প্রয়োজনে আসা বাংলাদেশিদের জন্য কিছুটা শিথিলতা থাকলেও, এবার তা পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।
একই সুর শোনা গেছে মালদহ হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরীর কণ্ঠেও। তিনি স্পষ্ট জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে জেলাজুড়ে বাংলাদেশি অতিথিদের পরিষেবা দেওয়া বন্ধ রাখা হয়েছে।
এদিকে, এই ইস্যুকে কেন্দ্র করে শিলিগুড়িতে উত্তেজনা ছড়িয়েছে। সোনালী ব্যাঙ্ক অভিযানের ডাক দিয়েছিল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। জলট্যাঙ্কি মোড়ে ব্যাঙ্কের সামনে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীরা সেখানে মহম্মদ ইউনুসের কুশপুতুল দাহ করেন এবং পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তিও হয়। হিন্দু মহামঞ্চের দাবি, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই বয়কট ও আন্দোলন জারি থাকবে। বিভিন্ন চিকিৎসা কেন্দ্রগুলোতেও বাংলাদেশিদের কোনো প্রকার সুযোগ-সুবিধা না দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তাঁরা।
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উত্তরবঙ্গের এই তিন জেলায় বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেলের দরজা কার্যত বন্ধই থাকছে।

