উত্তরে কমছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গের চার জেলায় জারি ভারী বর্ষণের সতর্কতা – এবেলা
এবেলা ডেস্কঃ
আজ রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের পাহাড় ও সংলগ্ন এলাকায় আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিং জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গের ওপর থাকা ঘূর্ণাবর্তটি উত্তরবঙ্গের দিকে সরে যাওয়ায় সেখানে বৃষ্টির তীব্রতা বাড়ছে। তবে একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ ভারত পর্যন্ত বিস্তৃত থাকায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
গত শুক্রবার রাতের কালবৈশাখী ও বৃষ্টিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় ব্যারাকপুরে সর্বোচ্চ ২৮ মিমি এবং দমদমে ৬১ কিলোমিটার বেগে ঝড় অনুভূত হয়েছে। আলিপুরদুয়ারেও ৪১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আপাতত উত্তর ২৪ পরগনা, নদীয়া ও বাঁকুড়া-সহ বেশ কিছু জেলায় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের কারণে সতর্কতা বজায় থাকছে।

