লেটেস্ট নিউজ

উত্তর দিনাজপুরে চিহ্নিত ২৯৯ স্পর্শকাতর বুথ: শান্তিতে ভোট করাতে তৎপর প্রশাসন – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে জেলা প্রশাসন ইতিমধ্যেই ২৯৯টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে। জেলাশাসক বিবেক কুমার জানিয়েছেন, বিগত নির্বাচনের রেকর্ড, রাজনৈতিক হিংসার ইতিহাস এবং বুথ দখলের মতো অভিযোগের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। ১ হাজার ৭০৮টি ভোটকেন্দ্রের অধীনে থাকা ২ হাজার ২৪৯টি বুথের ওপর বর্তমানে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।

নির্বাচন কমিশনের নির্দেশে সাধারণ ও পুলিশ পর্যবেক্ষকরা জেলার বিভিন্ন প্রান্ত পরিদর্শন করছেন। ভোটকেন্দ্রের পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি অস্বাভাবিক ভোটদান বা অশান্তির আশঙ্কা রয়েছে এমন এলাকাগুলোকে বিশেষ তালিকায় রাখা হচ্ছে। জেলাশাসকের মতে, পরিস্থিতির পর্যালোচনায় আগামীতে স্পর্শকাতর বুথের এই সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে। মূলত অবাধ ও ভয়মুক্ত পরিবেশ তৈরি করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।

শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রায়গঞ্জ ও ইসলামপুর পুলিশ জেলাজুড়ে শুরু হয়েছে বিশেষ অভিযান। বাংলাদেশ সীমান্ত এবং বিহার সংলগ্ন সীমানা এলাকাগুলোতে নাকা চেকিং ও কড়া নজরদারি চালানো হচ্ছে। বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা নিচ্ছেন পুলিশ সুপাররা। সাধারণ ভোটারদের আস্থা ফেরাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে থানাগুলোতে নিয়মিত পরিদর্শন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *