এআই জালিয়াতির বিরুদ্ধে এবার রণংদেহী মেজাজে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন গৌতম গম্ভীর – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় কোচ গৌতম গম্ভীরের নাম ও কণ্ঠস্বর বিকৃত করে নেটদুনিয়ায় ভুয়ো ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এসব ডিপফেক ভিডিওর মাধ্যমে জনমানসে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি। নিজের ব্যক্তিগত ভাবমূর্তি ও সম্মান রক্ষার্থে ১৬টি পক্ষের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন টিম ইন্ডিয়ার এই হেডস্যার।
গম্ভীরের আইনজীবীর মতে, গত কয়েক বছরে তাঁর আকাশচুম্বী সাফল্যের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং ও অবৈধ কন্টেন্টের রমরমা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই ধরনের বেআইনি প্রচার বন্ধে স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি আদালত থেকে কঠোর হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে। নিজের পরিচয়কে অপব্যবহার করে অর্থোপার্জনের এই অপচেষ্টাকে ব্যক্তি স্বাধীনতার ওপর আঘাত হিসেবেই দেখছেন গম্ভীর। এই মামলার রায় আগামী দিনে এআই প্রযুক্তির অপব্যবহার রোধে মাইলফলক হয়ে উঠতে পারে।

