এআই ঝড়েও সুরক্ষিত থাকবে ২২টি পেশা: রিপোর্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
অ্যানথ্রোপিকের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘ক্লড’-এর সাম্প্রতিক এক গবেষণায় কর্মক্ষেত্রে এআই-এর প্রভাব নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বর্তমানে বিশ্বের প্রায় ৫২ শতাংশ কর্মী নিজেদের চাকরি নিয়ে উদ্বিগ্ন থাকলেও, প্রতিবেদনে এমন ২২টি পেশার কথা উল্লেখ করা হয়েছে যা কৃত্রিম মেধার আগ্রাসন থেকে সম্পূর্ণ সুরক্ষিত। তথ্য বিশ্লেষণ বলছে, প্রযুক্তিগতভাবে এআই অনেক কাজ করতে সক্ষম হলেও বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ এখনো সীমিত।
প্রতিবেদন অনুযায়ী, যে সমস্ত কাজে মানবিক সহানুভূতি, শারীরিক দক্ষতা এবং জটিল সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বিকল্প হতে পারবে না। এই তালিকার শীর্ষে রয়েছে চিকিৎসক, বিচারক, শিক্ষক, বিমানচালক এবং সৃজনশীল শিল্পী ও লেখকদের নাম। এ ছাড়াও বৈদ্যুতিক মিস্ত্রি, কলের মিস্ত্রি এবং সমাজকর্মীদের মতো পেশায় হাতেকলমে দক্ষতা ও উপস্থিত বুদ্ধির প্রয়োজনীয়তা থাকায় এআই এখানে থাবা বসাতে অক্ষম।
গবেষণায় দেখা গেছে, কম্পিউটার ও গণিতের মতো ক্ষেত্রে তাত্ত্বিকভাবে এআই ৯৪ শতাংশ কাজ করতে পারলেও বর্তমানে এর প্রকৃত ব্যবহার মাত্র ৩৩ শতাংশ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কৃষি বা মনোরোগবিদ্যার মতো সংবেদনশীল ও কায়িক শ্রমনির্ভর ক্ষেত্রগুলোতে আগামী দিনে দক্ষ মানুষের চাহিদা আরও বাড়বে। তবে যে সব চাকরিতে এআই-এর প্রভাব বেশি, ২০৩৪ সাল নাগাদ সেখানে কর্মসংস্থান বৃদ্ধির হার কিছুটা মন্থর হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো।

