এআই প্রযুক্তিতে তৈরি জাল ভোটার কার্ড, ভাঙড়ে শোরগোল, তদন্তে কমিশন
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ভাঙড় বিধানসভা কেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে তৈরি জাল ভোটার কার্ড জমা দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। জান্নাতুল মোল্লা নামক এক ব্যক্তি তাঁর বাবার পরিচয়ের নথি হিসেবে একটি ভোটার কার্ড জমা দেন, যা যাচাই করতে গিয়ে দেখা যায় সেটি এআই-জেনারেটেড। এমনকি কার্ডের ছবির নিচে গুগল জেমিনাইয়ের লোগো স্পষ্ট থাকা সত্ত্বেও প্রাথমিক স্তরে আধিকারিকরা সেটিকে সঠিক বলে অনুমোদন দেওয়ায় প্রশ্ন উঠছে।
তদন্তে জানা গিয়েছে, ওই কার্ডে ব্যবহৃত এপিক (EPIC) নম্বরটির বাস্তবে কোনো অস্তিত্ব নেই। শুধু প্রযুক্তিগত কারচুপি নয়, প্রোজেনি ম্যাপিং বা সন্তানদের বয়সের ব্যবধান নিয়েও ক্যানিং পূর্ব ও ভাঙড়ে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। এক ব্যক্তির আট সন্তানের জন্মসালে মাত্র এক বছরের ব্যবধান থাকায় তথ্যের সত্যতা নিয়ে গভীর সন্দেহ দানা বেঁধেছে।
এই জালিয়াতি চক্রের হদিশ মেলায় বর্তমানে রাজ্য নির্বাচন কমিশনের অন্দরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। বিএলও এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখার পাশাপাশি ভোটার তালিকা স্বচ্ছ রাখতে কঠোর পদক্ষেপের আবেদন জানিয়েছেন অভিযোগকারীরা। প্রযুক্তির এমন অপব্যবহার রুখতে কমিশন এখন পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত কাটাছেঁড়া চালাচ্ছে।

