এইডস কেড়ে নিল মা-বাবাকে, সমাজ ত্যাজ্য করায় নিথর দেহ আগলে ১০ বছরের শিশু! – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের ইটা জেলার নাগলা ধীরজ গ্রামে এক মর্মান্তিক অমানবিক চিত্র ফুটে উঠল। এইচআইভি সংক্রমণে বাবার পর এবার মাকেও হারাল ১০ বছরের এক অনাথ শিশু। বৃহস্পতিবার সকালে জেলা হাসপাতালে মায়ের মৃত্যুর পর ময়নাতদন্তের ঘরের বাইরে নিথর দেহ আগলে দীর্ঘক্ষণ বসে কাঁদতে দেখা যায় তাকে। চোখের জল আর একাকিত্ব সঙ্গী করে শিশুটির এই অসহায়তা প্রত্যক্ষদর্শীদের চোখে জল এনে দিয়েছে।
মৃতার পরিবারটি দীর্ঘকাল সামাজিক বঞ্চনার শিকার ছিল। শিশুটির করুণ আর্তি, এইডসের কারণে সমাজ তাদের একঘরে করে দিয়েছিল। গত বছর বাবার মৃত্যুর পর অসুস্থ মা-ই ছিল তার একমাত্র অবলম্বন, কিন্তু শেষরক্ষা হলো না। প্রশাসনের আধিকারিকরা না পৌঁছানো পর্যন্ত হাসপাতালের ময়নাতদন্ত কক্ষের সামনে একাই ঠায় বসে থাকে সে। আধুনিক সমাজব্যবস্থায় প্রান্তিক মানুষদের প্রতি চরম উদাসীনতা ও কুসংস্কারের এক জলজ্যান্ত উদাহরণ হয়ে রইল এই ঘটনা।

