একই মণ্ডপ, একই বিয়ে… কিন্তু কয়েক ঘণ্টা আগে কেন শেষ করলেন জীবন দুই বোন? – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজস্থানের যোধপুরে বিয়ের মণ্ডপে সানাই বাজার বদলে বিষাদের ছায়া নেমে এসেছে। একই দিনে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল দুই বোন শোভা (২৫) ও বিমলার (২৩)। কিন্তু শুভ পরিণয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে দুই স্কুল শিক্ষিকা বোন বিষপান করে আত্মঘাতী হন। শনিবার সকালে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিষাক্ত কোনো পদার্থ সেবনের ফলে এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে প্রশাসন। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে মৃত তরুণীদের কাকা যশবন্ত সিং পরিবারের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, শোভা ও বিমলা এই বিয়েতে রাজি ছিলেন না, কিন্তু পরিবারের পক্ষ থেকে তাঁদের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছিল। এর আগেও একবার তাঁদের বিয়ের সম্বন্ধ ভেঙে গিয়েছিল বলে জানা গেছে। পরিস্থিতির চাপে পড়েই তাঁরা এই চরম পথ বেছে নিয়েছেন কি না, তা খতিয়ে দেখছে যোধপুর পুলিশ।

