একটুখানি রিল বানালেই পকেটে ২০ হাজার টাকা! বাংলার ভোটে কনটেন্ট ক্রিয়েটরদের ওপর বাজি ধরছে বিজেপি – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: শিয়রে বিধানসভা নির্বাচন, কিন্তু রাজ্যের বুথস্তরে সংগঠনের হাল তথৈবচ। এই পরিস্থিতিতে ভোটের ময়দানে ঘাসফুল শিবিরকে টেক্কা দিতে অভিনব কৌশল নিল পদ্মশিবির। এবার আর কেবল ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ‘ইউনিভার্সিটি’ নয়, বিজেপির পাখির চোখ এখন ইনস্টাগ্রাম। যুব প্রজন্মের মন জয় করতে নামানো হচ্ছে নামী-দামি কনটেন্ট ক্রিয়েটরদের। আর তার বদলে মিলবে মোটা অঙ্কের পারিশ্রমিক।
গেরুয়া শিবিরের এই বিশেষ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘পেইড পলিটিকাল ক্যামপেইন ফর বিজেপি’। দলীয় সূত্রের খবর, সরাসরি আইটি সেল থেকে নয়, বরং বিভিন্ন ইনফ্লুয়েন্সার মার্কেটিং এজেন্সির মাধ্যমে নামী ক্রিয়েটরদের কাছে পাঠানো হচ্ছে ইমেল। শর্ত একটাই— বিজেপির হয়ে প্রচার করে রিল বানাতে হবে। একটি রিল পোস্ট করলেই মিলবে নগদ ২০ হাজার টাকা।
তবে এই মোটা টাকা উপার্জনের জন্য রয়েছে কিছু কড়া শর্ত। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে কমপক্ষে ১৫ হাজার ফলোয়ার থাকা বাধ্যতামূলক এবং প্রতিটি ভিডিওতে গড়ে ১০ থেকে ১৫ হাজার ভিউ থাকতে হবে। ভাষা নিয়ে অবশ্য কোনো কড়াকড়ি নেই; বাংলা, হিন্দি, ইংরেজি বা ওড়িয়া— যেকোনো ভাষাতেই প্রচার চালানো যাবে।
বিজেপির আইটি সেলের এক কর্তার দাবি, ফেসবুক বা ইউটিউবে দলের হয়ে প্রচার করার মতো লোক থাকলেও ইনস্টাগ্রামে সেই প্রভাব কিছুটা কম। অথচ বর্তমান প্রজন্মের একটা বড় অংশ দিনরাত এই প্ল্যাটফর্মেই বুঁদ হয়ে থাকে। তাই ভোটারদের কাছে পৌঁছাতে ইনফ্লুয়েন্সারদের এই ‘পেইড কোলাবরেশন’কেই ব্রহ্মাস্ত্র হিসেবে দেখছে বিজেপি। ইতিমধ্যেই বহু ক্রিয়েটরের কাছে গুগল ফর্মের লিংক পৌঁছে গিয়েছে। এখন দেখার, রিলের এই জৌলুস ভোটের বাক্সে কতটা পদ্ম ফোটায়।

