লেটেস্ট নিউজ

একলাফে ৫ টাকা বাড়ল অটোর গ্যাসের দাম বিপাকে মধ্যবিত্তের পকেট – এবেলা

এবেলা ডেস্কঃ

যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সংকটের কোপ এবার সরাসরি কলকাতার রাজপথে। বুধবার ভোররাত থেকেই সিএনজি বা অটোর গ্যাসের দাম একলাফে লিটার প্রতি ৫ টাকা বৃদ্ধি পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এর প্রভাবে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রুটে অটোভাড়া বেড়ে যাওয়ায় যাতায়াত করতে গিয়ে নাভিশ্বাস উঠছে নিত্যযাত্রীদের।

জানা গেছে, মঙ্গলবার রাতেও গ্যাসের দাম ছিল ৫৭ টাকা ৬৮ পয়সা, যা বুধবার ভোর হতেই বেড়ে দাঁড়িয়েছে ৬২ টাকা ৬৮ পয়সায়। কোনো আগাম ঘোষণা ছাড়াই এই আকস্মিক মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ অটোচালকরা। পাম্পগুলোতে গ্যাসের জোগান কম থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে অনেক চালককে। পাম্প কর্তৃপক্ষের দাবি, ওপরতলার নির্দেশিকা মেনেই এই বর্ধিত দাম নেওয়া হচ্ছে।

গ্যাসের এই বাড়তি খরচ সামাল দিতে ইতিমধ্যেই চিংড়িহাটা থেকে এসডিএফ রুটে ভাড়া ১৫ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা করা হয়েছে। একইভাবে গড়িয়া-বারুইপুর এবং সোনারপুর-গড়িয়া রুটেও ভাড়া বৃদ্ধির খবর মিলেছে। অটোচালক সংগঠনগুলোর মতে, পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে অদূর ভবিষ্যতে প্রতিটি রুটে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত ভাড়া বাড়তে পারে, নচেৎ পরিষেবা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।

জ্বালানির এই সংকটের আঁচ পৌঁছেছে কলকাতার হোটেল ও রেস্তোরাঁগুলোতেও। ডেকার্স লেন থেকে পার্ক সার্কাস, শিয়ালদহ থেকে যাদবপুর— সর্বত্রই রান্নার গ্যাসের অভাবে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। রেস্তোরাঁ মালিকদের পাশাপাশি কপালে চিন্তার ভাঁজ গৃহিণীদেরও। সময়মতো গ্যাস সিলিন্ডার না পৌঁছনোয় মধ্যবিত্তের রান্নাঘরেও এখন অনিশ্চয়তার অন্ধকার। সব মিলিয়ে জ্বালানি সংকটে কার্যত থমকে যাওয়ার মুখে তিলোত্তমার জনজীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *