লেটেস্ট নিউজ

একাই লড়ার প্রস্তুতি, ২৯৪ আসনেই প্রার্থী খোঁজা শুরু করল কংগ্রেস

আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৯৪টি আসনেই এককভাবে লড়ার প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস। দলীয় সূত্রের খবর, কোনো জোট ছাড়াই প্রতিটি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে হাই কমান্ডের অভ্যন্তরে জোরালো আলোচনা চলছে। দলের পর্যবেক্ষক প্রকাশ জোশী জানিয়েছেন, কংগ্রেসের শক্তি এখনও অটুট এবং যারা দুর্দিনেও দলের পাশে ছিলেন, সেইসব কর্মীদের গুরুত্ব দিয়েই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি পাহাড়ের রণকৌশল নিয়েও বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে। মঙ্গলবার দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করেন প্রকাশ জোশী। গত লোকসভা নির্বাচনে অজয় এডওয়ার্ডের দলের সঙ্গে জোট থাকলেও, এবার বিধানসভা নির্বাচনে নিজেদের সাংগঠনিক শক্তি যাচাই করতে পাহাড়ের আসনগুলোতেও এককভাবে লড়ার কথা ভাবছে নেতৃত্ব। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রদেশ কংগ্রেস।

পাহাড়ের উন্নয়ন নিয়ে জেলা সভাপতি সুবীন ভৌমিক জানান, অতীতে জিটিএ বা ডিজিএইচসি-র মতো বড় পদক্ষেপগুলো কংগ্রেস আমলেই হয়েছে। বিজেপি কেবল নির্বাচনের আগে মিথ্যা প্রতিশ্রুতি দেয় বলে তিনি অভিযোগ করেন। আপাতত পাহাড়ের কর্মীদের মনোভাব বুঝে এবং স্থানীয় পরিস্থিতির ওপর নজর রেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মূল লক্ষ্য হলো একক শক্তিতে নির্বাচনের ময়দানে অবতীর্ণ হওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *