একুশের গণ্ডি পেরনো নিয়ে সংশয়: প্রশাসনিক রদবদলের পরেও অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে নির্বাচনি নির্ঘণ্ট প্রকাশের পর একাধিক প্রশাসনিক আধিকারিক বদল ও মধ্যরাতে বদলির নির্দেশ ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপির নির্দেশেই কমিশন এসব পদক্ষেপ করছে। তবে প্রশাসনের এই রদবদলের পরেও বঙ্গ জয়ের সমীকরণ নিয়ে খোদ গেরুয়া শিবিরের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে ২০২১ সালের ব্যর্থতার পর এবার তিন অঙ্কের আসনে পৌঁছানো সম্ভব কি না, তা নিয়ে সন্দিহান কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ।
বিজেপি সূত্রের খবর, বঙ্গ ব্রিগেড বর্তমানে ৮০-৯০টি আসনে জয়ের রিপোর্ট দিলেও ১০০-র গণ্ডি পেরনো নিয়ে সংশয় কাটছে না। প্রার্থী তালিকা ঘোষণার পর অভ্যন্তরীণ কোন্দল এবং রান্নার গ্যাসের মতো জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুগুলো প্রতিকূল প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতবারের মতো কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বা ‘কমিটমেন্ট’ না দিয়ে এবার শুরু থেকেই বাড়তি সতর্কতা অবলম্বন করছে দলীয় হাইকমান্ড।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতাদের প্রচার কৌশলের ওপরই ভরসা রাখছে বিজেপি। চলতি মাসের শেষ থেকে অমিত শাহ এবং ৫ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারে নামছেন। শীর্ষ নেতৃত্বের এই ঝোড়ো প্রচারের পর রাজ্যের রাজনৈতিক হাওয়া কতটা ঘোরে, তার ওপরই নির্ভর করছে আগামী দিনের রণকৌশল। আপাতত ভোটের এক মাস বাকি থাকায় সমীকরণ পরিবর্তনের আশায় বুক বাঁধছে বঙ্গ বিজেপি।

