এক কেন্দ্রে এক পর্যবেক্ষক: ছাব্বিশের ভোটে নজিরবিহীন নিরাপত্তার পরিকল্পনা কমিশনের – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে পশ্চিমবঙ্গে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। এবার প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে পৃথক ‘জেনারেল অবজার্ভার’ নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। ২০২১ সালের নির্বাচনে যেখানে পর্যবেক্ষকের সংখ্যা ছিল ১৬০, সেখানে ২০২৬ সালে রাজ্যের ২৯৪টি আসনের প্রতিটিতেই থাকছেন একজন করে আধিকারিক। প্রশাসনিক মহলের মতে, নজরদারি আরও নিখুঁত করতেই কমিশনের এই বিশেষ উদ্যোগ।
জেনারেল অবজার্ভারের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে পুলিশ এবং এক্সপেন্ডিচার অবজার্ভারের সংখ্যাও। গতবার রাজ্যে মাত্র ৩৭ জন পুলিশ পর্যবেক্ষক থাকলেও, এবার এলাকাভিত্তিক এবং স্পর্শকাতর কেন্দ্র অনুযায়ী সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে একাধিক পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করা হতে পারে। কমিশনের এই ‘মাইক্রো-প্ল্যানিং’ থেকে স্পষ্ট যে, আসন্ন নির্বাচন ঘিরে কোনো প্রকার আপস করতে নারাজ নয়াদিল্লি।
ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে রিটার্নিং অফিসার নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এবার ডিএমডিসি পদমর্যাদার বদলে ন্যূনতম এসডিও পদমর্যাদার সিনিয়র আধিকারিকদের এই গুরুদায়িত্ব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো বিজ্ঞপ্তিতে এই বদলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মূলত অভিজ্ঞ আধিকারিকদের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ রাখাই কমিশনের মূল লক্ষ্য।

