লেটেস্ট নিউজ

এক ক্লিকেই নিষ্পত্তি: সোমবারই প্রকাশিত হচ্ছে ৬০ লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের প্রথম তালিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ার অধীনে আগামীকাল সোমবার রাত ৮টার মধ্যে প্রথম পরিপূরক তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকার পর প্রায় ৬০ লক্ষ নাম ‘বিচারাধীন’ বা সন্দেহজনক হিসেবে চিহ্নিত ছিল। কমিশনের তৎপরতায় ইতিবাচক সাড়া মিলেছে এবং বিচার বিভাগীয় আধিকারিকরা ইতিমধ্যেই প্রায় ২৭ লক্ষ মামলার নিষ্পত্তি ঘটিয়েছেন বলে সিইও মনোজ আগরওয়াল নিশ্চিত করেছেন।

এই তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নবান্ন এবং উচ্চ আদালত বিশেষ সর্তকতা অবলম্বন করেছে। মুখ্যসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সাথে জরুরি বৈঠক করেছেন। জেলাশাসক ও পুলিশ সুপারদের সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ভিড় নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

যাঁদের নাম এই পরিপূরক তালিকায় থাকবে না, তাঁদের জন্য নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ রেখেছে। ১৯টি বিশেষ আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে যেখানে ইসি-নেট পোর্টালের মাধ্যমে অনলাইনে বা সংশ্লিষ্ট দপ্তরে অফলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীদের জন্য কোনো নতুন নথির প্রয়োজন হবে না এবং কোনো আইনজীবী রাখারও বাধ্যবাধকতা নেই। বুথ স্তরের আধিকারিকরাও (বিএলও) ভোটারদের এই আপিল প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *