এক ক্লিকেই পকেটে বাড়তি টাকা! প্রিসাইডিং থেকে পুলিশ সবার ভাতা বাড়াল নির্বাচন কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটের ডিউটিতে গেলেই এবার মোটা অঙ্কের লক্ষ্মীলাভ হতে চলেছে সরকারি কর্মীদের। লোকসভা নির্বাচনের ঠিক মুখেই বড়সড় মাস্টারস্ট্রোক দিল নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে মাইক্রো অবজার্ভার এমনকি চতুর্থ শ্রেণির কর্মীদেরও দৈনিক ভাতা ও এককালীন পারিশ্রমিক একধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে।
কাদের কত টাকা বাড়ল
কমিশনের নতুন তালিকা অনুযায়ী ভাতার অঙ্ক এখন আকাশছোঁয়া। আগে যেখানে প্রিসাইডিং অফিসাররা দিনে ৩৫০ টাকা পেতেন, এখন থেকে তাঁরা পাবেন ৫০০ টাকা। পোলিং অফিসারদের ভাতা ২৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০০ টাকা। কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে এই বরাদ্দ একলাফে ৪৫০ টাকা করা হয়েছে। চতুর্থ শ্রেণির কর্মীরাও এখন থেকে প্রতিদিন ৩৫০ টাকা করে ভাতা পাবেন।
এককালীন ভাতাতেও বড় চমক
শুধু দৈনিক খরচ নয়, এককালীন সাম্মানিক বা রেমুনারেশনেও এসেছে বড় বদল। কন্ট্রোল রুম বা কল সেন্টারের কর্মীদের এককালীন ভাতা ১০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ক্লাস ১ এবং ২ পদমর্যাদার অফিসাররা আগে ১২০০ টাকা পেতেন, এখন থেকে তাঁরা সরাসরি ৩০০০ টাকা পাবেন। ক্লাস ৩ কর্মীদের ভাতা দ্বিগুণ করে ২০০০ টাকা করা হয়েছে। এছাড়া মাইক্রো অবজার্ভারদের জন্য বরাদ্দ ১০০০ টাকা থেকে বাড়িয়ে একবারে ২০০০ টাকা করা হয়েছে।
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বড় প্রাপ্তি
ভোটের ডিউটিতে থাকা পুলিশ কর্মী, হোমগার্ড এবং ভ্রাম্যমাণ টিমের সদস্যদের টিফিনের টাকাতেও বড় স্বস্তি দিয়েছে কমিশন। আগে মাত্র ১৫০ টাকা টিফিন খরচ দেওয়া হলেও এখন থেকে প্রতিদিন ৫০০ টাকা করে পাবেন তাঁরা। উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে ডেপুটি ডিইও-রা এক মাসের মূল বেতনের সমান সম্মানী পাবেন। অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের স্বল্পমেয়াদী ডিউটির ভাতা বাড়িয়ে ৪০০০ টাকা করা হয়েছে। এসআই এবং ইন্সপেক্টর পদমর্যাদার কর্মীদের পারিশ্রমিকও সমানুপাতিক হারে বৃদ্ধি পেয়েছে।

