এক ধাক্কায় খতম ৪৮ ইরানি নেতা, ট্রাম্পের হুঙ্কার ও মধ্যপ্রাচ্যে পাল্টা আঘাতের রক্তক্ষয়ী যুদ্ধ – এবেলা
এবেলা ডেস্কঃ
ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্বের ৪৮ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ভয়াবহ হামলার পর ট্রাম্প একে ‘আশাতিত সাফল্য’ হিসেবে বর্ণনা করে জানিয়েছেন যে, অভিযান নির্ধারিত সময়ের আগেই শেষ হবে। তবে এই দাবির মধ্যেই ইরান পাল্টা বিধ্বংসী আক্রমণ শুরু করেছে।
মধ্য ইজরায়েলের বেইত শেমেশ শহরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জন আহত হয়েছেন। শুধু তাই নয়, দুবাই, আবুধাবি, রিয়াধ ও দোহায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে তেহরান লাগাতার হামলা চালাচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, আমেরিকার বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’-এ আছড়ে পড়েছে ইরানি ক্ষেপণাস্ত্র, যার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।
এদিকে এই যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়ায় ক্ষোভে ফুঁসছে সংযুক্ত আরব আমিরশাহী। দুবাই ও আবুধাবির মতো জনবহুল অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় আরব আমিরশাহী কড়া সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, এই যুদ্ধ যেন প্রতিবেশীদের ওপর চাপিয়ে দেওয়া না হয়। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় পুরো মধ্যপ্রাচ্য এখন এক চরম উত্তেজনার মুখে দাঁড়িয়ে।

