এক ধাক্কায় ২০০ টাকা বাড়ল জ্বালানির দাম, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ না কি বিলাসিতায় কোপ – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান যুদ্ধের প্রভাবে কার্যত দিশেহারা পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে হাই-অক্টেন জ্বালানির দাম লিটার প্রতি এক লাফে ২০০ পাকিস্তানি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ১০০ টাকার জ্বালানি এখন বিকোবে ৩০০ টাকায়। মূলত বিলাসবহুল গাড়িতে ব্যবহৃত এই জ্বালানির ওপর শুল্ক বাড়িয়ে কোষাগার ভরার পথে হাঁটল সরকার।
জ্বালানি মন্ত্রক জানিয়েছে, এই মূল্যবৃদ্ধির প্রভাব সাধারণ গণপরিবহন বা বিমান ভাড়ার ওপর পড়বে না। তবে মুদ্রাস্ফীতির চাপে পেট্রোল ও ডিজেলের দামও পাল্লা দিয়ে বাড়ছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতায় পাকিস্তানে পেট্রোলের নতুন দাম দাঁড়িয়েছে ৩২১.১৭ টাকা এবং ডিজেল ৩৩৫.৮৬ টাকা। অন্যদিকে জেট ফুয়েলের দাম বাড়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান ভাড়ায় বড়সড় পরিবর্তন এসেছে। করাচি থেকে লাহোর বা ইসলামাবাদগামী টিকিট পিছু ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত গুনতে হচ্ছে যাত্রীদের। আন্তর্জাতিক রুটে এই বৃদ্ধির পরিমাণ ২৮,০০০ টাকা ছাড়িয়েছে।

