লেটেস্ট নিউজ

এক ধাক্কায় ২৩ পদ ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! ভোটের মুখে কেন নবান্নের এই নজিরবিহীন পদক্ষেপ – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই বড়সড় প্রশাসনিক রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে রাজ্যের ২৩টি গুরুত্বপূর্ণ সরকারি কমিটি, পর্ষদ এবং সংস্থার শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন তিনি। নবান্ন সূত্রে খবর, রাজ্য স্বরাষ্ট্র দফতর ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট সব দফতরকে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে।

এই তালিকায় রয়েছে স্টেট হেলথ মিশন, ইকো ট্যুরিজম অ্যাডভাইজারি বোর্ড, স্টেট বোর্ড ফর ওয়াইল্ড লাইফ এবং ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের মতো হেভিওয়েট দফতরগুলো। এমনকি বাংলা সংগীত মেলা আয়োজন কমিটি, উর্দু অ্যাকাডেমি এবং স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির শীর্ষপদ থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ২৫ মার্চের মধ্যে পদত্যাগ প্রক্রিয়া সম্পন্ন করে তার রিপোর্ট জমা দিতে হবে।

প্রশাসনিক মহলের মতে, মূলত আদর্শ নির্বাচনী আচরণবিধি মেনে চলতেই এই কৌশলগত পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি পদে থেকে যাতে কোনওভাবেই ভোটপ্রক্রিয়ায় প্রভাব খাটানোর অভিযোগ না ওঠে এবং নির্বাচন অবাধ ও স্বচ্ছ হয়, তা নিশ্চিত করতেই এই গণ-ইস্তফা। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, বিরোধীদের আইনি বা নৈতিক আক্রমণের সুযোগ না দিতেই ভোটের ঠিক আগে এই প্রশাসনিক শুদ্ধিকরণ সেরে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *