এক বছর পেরিয়েও অধরা প্রতিশ্রুতি বিজেপি সরকারের, মহিলা সমৃদ্ধি যোজনায় বাড়ছে ক্ষোভ – এবেলা
এবেলা ডেস্কঃ
দিল্লি বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও এক বছর অতিক্রান্ত হওয়ার পর এখনও বাস্তবায়িত হয়নি ‘মহিলা সমৃদ্ধি যোজনা’। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকার বাজেটে এই প্রকল্পের জন্য ৫,১০০ কোটি টাকা বরাদ্দ করলেও প্রশাসনিক জটিলতায় কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। অনলাইন পোর্টাল চালু করা থেকে শুরু করে উপভোক্তা তালিকা যাচাইয়ের কাজ এখনও আসাম্পূর্ণ থাকায় থমকে আছে পুরো প্রক্রিয়াটি।
প্রশাসনিক সূত্রের খবর, গত এক বছরে উচ্চপর্যায়ের কমিটি চারবার বৈঠকে বসলেও লাল ফিতের ফাঁস আলগা হয়নি। সরকার পক্ষ থেকে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করার অজুহাত দেওয়া হলেও কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে এবং বিরোধীরা বিজেপির এই নির্বাচনী প্রতিশ্রুতিকে ‘জুমলা’ বলে কটাক্ষ করতে ছাড়ছে না।

