লেটেস্ট নিউজ

এজরা স্ট্রিটে ব্যবসায়ীর পকেটমারি: পুলিশের জালে মল্লিকপুরের যুবক, উদ্ধার বিপুল টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার এজরা স্ট্রিটে কেনাকাটা করতে এসে পকেটমারির শিকার হলেন এক ব্যবসায়ী। ভিড়ের সুযোগ নিয়ে তাঁর প্যান্টের পকেট থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরের বাসিন্দা মহম্মদ রিয়াজ ওরফে রাজকে (২৮) গ্রেপ্তার করেছে লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা। ধৃত যুবকের কাছ থেকে চুরি যাওয়া অর্থের মধ্যে সাড়ে ৪৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

গত ২০ ফেব্রুয়ারি এজরা স্ট্রিট ও ইন্ডিয়া এক্সচেঞ্জ স্ট্রিটের সংযোগস্থলে এই ঘটনাটি ঘটে। ওই ব্যবসায়ী কেনাকাটার সময় অজ্ঞাতপরিচয় এক যুবক তাঁকে ধাক্কা মারে এবং মুহূর্তের মধ্যেই তাঁর পকেটে থাকা নগদ অর্থ গায়েব হয়ে যায়। ঘটনার পর হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে স্থানীয় পুলিশের পাশাপাশি লালবাজারের গোয়েন্দারা তদন্তে নামেন। গোপন সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, পকেটমারি দমনে তৎপরতা বাড়িয়ে চিৎপুর থানা এলাকার একটি চুরির ঘটনারও কিনারা করেছে পুলিশ। খগেন চ্যাটার্জি রোডের একটি মুদি দোকান থেকে ক্যাশবাক্স হাতানোর অভিযোগে ধৃত কানাই শা-কে জিজ্ঞাসাবাদ করে আরও ৩৫ হাজার টাকা ও চারটি রুপোর কয়েন উদ্ধার করা হয়েছে। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই সাফল্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *