এনগিডির ‘গোপন অস্ত্র’ ও ব্র্যাভোর মগজাস্ত্রে শাণ দিচ্ছেন বৈভব অরোরা – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পেস আক্রমণের অন্যতম ভরসা বৈভব অরোরা নিজের বোলিংয়ে নতুন বৈচিত্র্য আনতে মরিয়া। দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডির বিশেষ স্লোয়ার ডেলিভারিটি রপ্ত করেছেন তিনি, যা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটারদের সমস্যায় ফেলেছিল। আগামী রবিবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে এই ‘গোপন অস্ত্র’ প্রয়োগ করতে দেখা যেতে পারে বৈভবকে।
দলের মেন্টর ডোয়েন ব্র্যাভোর তত্ত্বাবধানে ডেথ ওভারে বোলিং এবং নিখুঁত ইয়র্কার নিয়ে কঠোর পরিশ্রম করছেন এই তরুণ পেসার। হর্ষিত রানা ও আকাশ দীপের অনুপস্থিতিতে কেকেআরের দেশি পেস ব্রিগেডের মূল দায়িত্ব এখন তাঁর কাঁধেই। বৈভবের লক্ষ্য ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে দলকে চতুর্থ খেতাব জেতানো। বোলিং কোচ টিম সাউদিও তাঁকে মানসিকভাবে প্রস্তুত করছেন।
এদিকে, চোট পাওয়া হর্ষিত রানার পরিবর্তে কেকেআর শিবিরে যোগ দিয়েছেন অভিজ্ঞ নভদীপ সাইনি। বুধবারই পুরো দল মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। দীর্ঘ লড়াইয়ের পর দলে ফেরার সুযোগ পেয়ে সাইনি একে নিজের ‘পুনরুত্থানের মঞ্চ’ হিসেবে দেখছেন। হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে এবং দলের বোলিং বিভাগকে শক্তিশালী করতে সাইনি ও বৈভবের জুটি এখন কেকেআর ভক্তদের প্রধান প্রত্যাশা।

