লেটেস্ট নিউজ

এপস্টেইন বিতর্কের ছায়া, দিল্লির এআই সম্মেলনে থাকছেন না বিল গেটস

দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক এআই সম্মেলনে শেষ মুহূর্তে বক্তব্য বাতিল করলেন মাইক্রোসফ্ট প্রতিষ্ঠাতা বিল গেটস। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ‘গেটস ফাউন্ডেশন’ নিশ্চিত করেছে যে, গেটস এই সম্মেলনে অংশ নিচ্ছেন না। তাঁর পরিবর্তে সংস্থার ভারত ও আফ্রিকা শাখার প্রধান অঙ্কুর ভোরা নির্ধারিত সূচি অনুযায়ী বক্তব্য রাখবেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব ও উন্নয়নমূলক লক্ষ্যগুলিকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি জেফরি এপস্টেইন কেলেঙ্কারিতে বিল গেটসের নাম জড়ানো নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়। এই আবহে ভারতের এআই সম্মেলনে তাঁর আমন্ত্রণ বজায় রাখা হবে কি না, তা নিয়ে কূটনৈতিক ও সামাজিক মহলে আলোচনা চলছিল। যদিও এর আগে গেটস ফাউন্ডেশনের এক মুখপাত্র জানিয়েছিলেন যে, গেটস তাঁর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সম্মেলনে যোগ দেবেন। সোমবার তিনি ভারতে এসে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে পরিকাঠামো উন্নয়ন নিয়ে বৈঠকও করেন।

উদ্যোক্তা সূত্রে খবর ছিল, সম্মেলনের আমন্ত্রিত তালিকায় গেটসের নাম না থাকায় জল্পনা ঘনীভূত হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে তাঁর স্বাগত ভাষণ দেওয়ার কথা থাকলেও ফাউন্ডেশন জানিয়েছে, বর্তমানে গেটস ফাউন্ডেশন ভারতে স্বাস্থ্য ও উন্নয়নের কাজে নিজেদের দায়বদ্ধতা বজায় রাখাকেই মূল লক্ষ্য হিসেবে দেখছে। বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত কি না, তা নিয়ে সরাসরি কিছু না জানালেও সম্মেলনে তাঁর অনুপস্থিতি এখন আলোচনার মূল কেন্দ্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *