এপ্রিলে জ্বালানি তেলের তীব্র হাহাকার? ৩৫ দিন বন্ধ থাকছে দেশের দ্বিতীয় বৃহত্তম রিফাইনারি – এবেলা
এবেলা ডেস্কঃ
ভয়াবহ সংকটের মুখে দেশের জ্বালানি বাজার। আগামী এপ্রিল মাস থেকে টানা ৩৫ দিনের জন্য সম্পূর্ণ উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার নায়ারা এনার্জি। গুজরাটের ভাদিনারে অবস্থিত এই বিশাল রিফাইনারিটি রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই শাটডাউন ঘোষণা করেছে।
এর ফলে দেশের মোট তেল উৎপাদন এক ধাক্কায় প্রায় ৮ শতাংশ কমে যাবে। নায়ারার নিজস্ব ৭ হাজার পাম্প ছাড়াও আইওসি, বিপিসিএল এবং এইচপিসিএল-এর মতো সরকারি সংস্থাগুলোকেও এই রিফাইনারি তেল সরবরাহ করে। স্বাভাবিকভাবেই উৎপাদন বন্ধ থাকায় অভ্যন্তরীণ বাজারে পেট্রল ও ডিজেলের জোগানে টান পড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।
একদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আর অন্যদিকে উৎপাদন বন্ধ—এই সাঁড়াশি চাপে সাধারণ মানুষের পকেটে টান পড়ার ইঙ্গিত স্পষ্ট। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় ইতিমধ্যেই পেট্রল-ডিজেলের দাম বাড়াতে শুরু করেছে তেল সংস্থাগুলো। এক মাসেরও বেশি সময় রিফাইনারিটি বন্ধ থাকলে জ্বালানির আকাল এবং মূল্যবৃদ্ধি জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

