এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক! – এবেলা
এবেলা ডেস্কঃ
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর
রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তরে সাইবার নিরাপত্তার বড়সড় গলদ সামনে এল। সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়ার ডিজিটাল মাধ্যম ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে বলে অভিযোগ উঠল। এই চাঞ্চল্যকর ঘটনায় ইতিমধ্যেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অ্যাকাউন্ট পরিচালনাকারী সংস্থা।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, হ্যাকাররা অত্যন্ত পরিকল্পিতভাবে মাঝরাতকে বেছে নিয়েছিল এই হামলার জন্য। প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত ২টো ৬ মিনিট থেকে ২টা ১৯ মিনিটের মধ্যে প্রথম দফায় অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেয় হ্যাকাররা। এরপর সকাল ৯টা ১১ মিনিট থেকে ৯টা ২২ মিনিটের মধ্যে দ্বিতীয় দফায় ফের সক্রিয় হয় তারা। এই সময়ের মধ্যে মোট ৪৭টি অনুমোদনহীন ডাইরেক্ট মেসেজ পাঠানো হয়েছে। শুধু তাই নয়, দুটি ইনস্টাগ্রাম স্টোরিও আপলোড করে হ্যাকাররা।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, হ্যাকাররা ওই অফিসিয়াল অ্যাকাউন্ট ব্যবহার করে ‘এগিয়ে বাংলা’, ‘কলকাতা পুলিশ’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল পুলিশ’-এর মতো গুরুত্বপূর্ণ সরকারি অ্যাকাউন্টগুলোতেও মেসেজ পাঠিয়েছে। সাধারণত এই অ্যাকাউন্টটি মাত্র তিনটি নির্দিষ্ট ডিভাইস (একটি সরকারি মোবাইল, একটি ল্যাপটপ এবং একটি অফিস ডেস্কটপ) থেকে পরিচালনা করা সম্ভব। সেই কড়া নিরাপত্তা বলয় ভেদ করে কীভাবে অনুপ্রবেশ ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিচালনাকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই পাসওয়ার্ড পরিবর্তন করে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ চালু করা হয়েছে। ডিজিটাল প্রমাণ হিসেবে লগ-ইন হিস্ট্রি, আইপি অ্যাড্রেস এবং মেটাডেটা সংগ্রহের জন্য মেটা কর্তৃপক্ষের কাছে আইনি আবেদন জানানো হয়েছে। বিধাননগর পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করতে সব ধরনের ডিজিটাল ফরেনসিক তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

