এম আর বাঙ্গুর হাসপাতালে বিরল অস্ত্রোপচারে মিলল ১০ কেজির টিউমার থেকে মুক্তি – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘ ৪৫ বছর ধরে মাথার বাঁ দিকে বয়ে চলা বিশাল টিউমারের যন্ত্রণা থেকে অবশেষে মুক্তি পেলেন দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের এক বাসিন্দা। টিউমারের অত্যধিক ভারে রোগীর মাথা একপাশে কাত হয়ে থাকত, যা তাঁর স্বাভাবিক জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছিল। বিভিন্ন হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালের সার্জারি বিভাগে যোগাযোগ করলে চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
বিভাগীয় প্রধান চিকিৎসক নিলয় নারায়ণ সরকারের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক অত্যন্ত সফলভাবে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন। চিকিৎসকরা জানিয়েছেন, প্রায় ১০ কেজি ওজনের এই টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়েছে এবং রোগী বর্তমানে স্থিতিশীল রয়েছেন। সরকারি হাসপাতালে এই ব্যয়বহুল চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছে রোগীর পরিবার। হাসপাতালের এই সাফল্যে চিকিৎসক ও নার্সদের বিশেষ ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।

