এয়ার ইন্ডিয়ার চরম গাফিলতি: ভ্যাঙ্কুভারের বদলে ৯ ঘণ্টা পর দিল্লিতেই ফিরল বিমান – এবেলা
এবেলা ডেস্কঃ
এয়ার ইন্ডিয়ার একটি বেনজির ভুলের কারণে মাঝ আকাশ থেকে দিল্লিতে ফিরে আসতে বাধ্য হলো কানাডাগামী একটি বোয়িং-৭৭৭ বিমান। শনিবার সকালে দিল্লি থেকে ভ্যাঙ্কুভারের উদ্দেশ্যে রওনা দিলেও দীর্ঘ ৯ ঘণ্টা পর বিমানটি পুনরায় ভারতের মাটিতেই অবতরণ করে। মূলত নির্ধারিত বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের পরিবর্তে ভুলবশত বোয়িং ৭৭৭-২০০ এলআর মডেলের বিমানটি ওড়ানোয় এই বিপত্তি ঘটে।
উড়ান শুরুর প্রায় চার ঘণ্টা পর চীনের কুনমিং আকাশসীমায় থাকার সময় কর্তৃপক্ষের নজরে আসে যে, ওই নির্দিষ্ট মডেলটির কানাডায় অবতরণের অনুমতি নেই। প্রতিটি দেশের বিমান অবতরণের প্রোটোকল ভিন্ন হওয়ায় এবং কানাডায় টেল নম্বর ভিত্তিক সীমাবদ্ধতা থাকায় তড়িঘড়ি বিমানটিকে ফিরিয়ে আনা হয়। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এই অনভিপ্রেত ঘটনার জন্য ক্ষমা চেয়ে ভবিষ্যতে সতর্ক থাকার আশ্বাস দিয়েছে।
এই ভ্রান্তিবিলাসের ফলে বিমান সংস্থাকে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। বোয়িং-৭৭৭ বিমানে প্রতি ঘণ্টায় প্রায় ৮ থেকে ৯ টন জ্বালানির প্রয়োজন হয়, যা বর্তমান পরিস্থিতিতে কো ম্পা নির ওপর বাড়তি চাপ সৃষ্টি করল। যান্ত্রিক ত্রুটি নয় বরং প্রশাসনিক সমন্বয়ের অভাবই কয়েকশ যাত্রীর গন্তব্যে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়াল।

