এশিয়ার সবচেয়ে ধনী পুরসভার মেয়র বিজেপির রিতু তাবডে, কে হচ্ছেন ডেপুটি? – এবেলা
এবেলা ডেস্কঃ
এশিয়ার সবচেয়ে ধনী পুরসভা বৃহন্মুম্বইয়ের মেয়র পদে বসতে চলেছেন বিজেপি নেত্রী রিতু তাবডে। শনিবার আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা করে বিজেপি। শরিকি জটিলতা কাটিয়ে ডেপুটি মেয়র পদ থাকছে একনাথ শিন্ডের শিবসেনার দখলে। এই পদে দায়িত্ব পাবেন সঞ্জয়শঙ্কর ঘাড়ি। উল্লেখযোগ্য ভাবে, ১৯৯৭ সাল থেকে উদ্ধব ঠাকরের শিবসেনার দখলে থাকা বৃহন্মুম্বই পুরসভা এবার হাতছাড়া হল।
ঘাটকোপার পশ্চিম আসন থেকে জয়ী রিতু তাবডে টানা তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বৃহন্মুম্বই পুরসভার শিক্ষা কমিটির চেয়ারম্যানসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। অন্য দিকে, ৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী সঞ্জয়শঙ্কর ঘাড়ি ২০২২ সালে শিন্ডে শিবিরে যোগ দেন। সিদ্ধান্ত অনুযায়ী, ডেপুটি মেয়র পদে পর্যায়ক্রমে চার জন দায়িত্ব পাবেন, প্রত্যেকের মেয়াদ ১৫ মাস হলেও মেয়র হিসেবে রিতু তাবডেই পূর্ণ পাঁচ বছর দায়িত্বে থাকবেন।
২২৭ আসনের পুরসভায় বিজেপি ৮৯টি আসনে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। শিবসেনা পেয়েছে ২৯টি আসন। বিজেপি-শিবসেনা জোটের মোট আসন সংখ্যা ১১৮, যা ম্যাজিক ফিগার ১১৪ ছাড়িয়ে গেছে। ফলে রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বৃহন্মুম্বই পুরসভায় ক্ষমতা দখল করল বিজেপি-নেতৃত্বাধীন মহাযুতি।
