এসআইআরের জেরে ফের পিছল কসবা ল’ কলেজ গণধর্ষণ মামলার শুনানি – এবেলা
এবেলা ডেস্কঃ
কসবা আইন কলেজে গণধর্ষণ মামলার শুনানি এসআইআর-এর কারণে আবারও পিছিয়ে গেল। সোমবার আলিপুর জেলা আদালতে মামলাটি নির্দিষ্ট সময়ে উঠলে জেল হেফাজতে থাকা তিন অভিযুক্তকে প্রেসিডেন্সি জেল থেকে হাজির করা হয়। জামিনে থাকা অপর এক অভিযুক্তও আদালতে উপস্থিত ছিলেন। তবে সংশ্লিষ্ট বিচারক বর্তমানে এসআইআর-এর কাজে ব্যস্ত থাকায় এদিনের শুনানি প্রক্রিয়া সম্ভব হয়নি।
অভিযুক্তের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, আদালতের পক্ষ থেকে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৮ এপ্রিল। দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার পক্ষে সওয়াল করেন তিনি। অন্যদিকে, শুনানি বারবার পিছিয়ে যাওয়ায় তীব্র উষ্মা প্রকাশ করেছেন সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায়। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিন শুনানির জন্য সাক্ষীরা আদালতে উপস্থিত হলেও শেষ পর্যন্ত সাক্ষ্য না দিয়েই তাঁদের ফিরে যেতে হয়। সাক্ষীদের এই ফিরে যাওয়া নিয়ে সরকারি পক্ষ থেকে গভীর ক্ষোভ প্রকাশ করা হয়েছে। দ্রুত ন্যায়বিচারের দাবিতে মামলার গতিপ্রকৃতি এখন কোন দিকে যায়, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

