এসআইআরে নাম বাদ, সিএএ-র মাধ্যমে ভারতের নাগরিকত্ব পেলেন বাগদার দুই ভাই – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার বাগদার বাসিন্দা লক্ষ্মণ ভদ্র ও প্রেমচাঁদ ভদ্র দীর্ঘ চার দশক পর ভারতের বৈধ নাগরিকত্ব পেলেন। আদতে বাংলাদেশি নাগরিক এই দুই ভাই ৪০ বছর আগে সীমান্ত পেরিয়ে এ দেশে চলে আসেন এবং বাগদার নাটাবেড়িয়া পাঁচপোতা এলাকায় বসবাস শুরু করেন। সম্প্রতি রাজ্যজুড়ে এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হলে চূড়ান্ত তালিকা থেকে তাঁদের নাম বাদ পড়েছিল, যা নিয়ে পরিবারটি চরম দুশ্চিন্তায় ছিল।
বিপন্ন পরিস্থিতিতে দুই ভাই কেন্দ্রীয় সরকারের পোর্টালের মাধ্যমে সংশোধিত নাগরিকত্ব আইনে (সিএএ) আবেদনের সিদ্ধান্ত নেন। চার মাস আগে করা সেই আবেদনের ভিত্তিতে ভারত সরকার তাঁদের ইমেলের মাধ্যমে ইতিবাচক সাড়া দেয়। অবশেষে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে নাগরিকত্বের শংসাপত্র। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাঁরা ভারতের পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে স্বীকৃতি লাভ করলেন।
নাগরিকত্ব পাওয়ার পর দুই ভাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, দ্রুত ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবেন, যাতে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। মতুয়া ও উদ্বাস্তু অধ্যুষিত এই এলাকায় এসআইআর তালিকা নিয়ে বিতর্কের মাঝে সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব প্রাপ্তির এই ঘটনাটি বর্তমানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

