এসআইআর লড়াই: শনিবার মেগা বৈঠকে পরবর্তী রণনীতি জানাবেন অভিষেক – এবেলা
এবেলা ডেস্কঃ
এসআইআর (SIR) ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশে ‘নৈতিক জয়’ পাওয়ার পর এবার আন্দোলনের পরবর্তী রূপরেখা চূড়ান্ত করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী শনিবার বিকেলে দলের সাংসদ, বিধায়ক এবং বুথ লেভেল এজেন্টদের (BLA-2) সঙ্গে এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা অসংগতির তালিকা প্রকাশের যে নির্দেশ দিয়েছে, তা কমিশন যথাযথভাবে পালন করছে কি না, তার ওপর কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে জোড়াফুল শিবির। শনিবারের বৈঠকে প্রায় লক্ষাধিক কর্মীর উদ্দেশে অভিষেক স্পষ্ট বার্তা দেবেন যে, শুনানি কেন্দ্রে বিএলএ-২-দের উপস্থিতিতে কোনো বাধা এলে বা তালিকায় কোনো গরমিল থাকলে দ্রুত শীর্ষ নেতৃত্বকে জানাতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে বাংলার মানুষের পাশে থেকে প্রতিটি ধাপে আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়াই এখন ঘাসফুল শিবিরের মূল লক্ষ্য।

