লেটেস্ট নিউজ

এসআইআর সংশোধনে তথ্যগত অসঙ্গতি মেটাতে উচ্চ আদালতে বৈঠক, প্রধান বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) তথ্যগত অসঙ্গতি দূর করতে সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার কলকাতা হাই কোর্টে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং অন্যান্য উচ্চপদস্থ কর্তারা। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, ভোটার তালিকার জটিলতা মেটাতে বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠনের রূপরেখা তৈরি করাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য।

শুক্রবার শুনানির সময় সুপ্রিম কোর্ট রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে তৈরি হওয়া পারস্পরিক অবিশ্বাসে তীব্র অসন্তোষ প্রকাশ করে। আদালত স্পষ্ট জানায়, ভোটার তালিকার কাজে যে সমস্ত তথ্যগত ত্রুটি রয়েছে, তার নিষ্পত্তি করবেন হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা। রাজ্য ও কমিশনের আধিকারিকরা কেবল তাঁদের সহায়ক হিসেবে কাজ করবেন। প্রধান বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ অনুযায়ী, পশ্চিমবঙ্গে এসআইআর কেন্দ্রিক পরিস্থিতি মোকাবিলায় বিচারবিভাগীয় হস্তক্ষেপ এখন অপরিহার্য হয়ে পড়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ পর্যন্ত এই বিচারবিভাগীয় নজরদারি জারি থাকবে। প্রতিটি জেলায় বর্তমান এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারকদের সমন্বয়ে বিশেষ দল নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে হাই কোর্টকে। এদিনের বৈঠকে একটি শক্তিশালী পরিকাঠামো তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়, যাতে স্বচ্ছতার সাথে দ্রুত বকেয়া কাজ শেষ করা সম্ভব হয়। বিচারবিভাগীয় এই তৎপরতা ভোটার তালিকার স্বচ্ছতা রক্ষায় এক বেনজির পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *