এসআইআর সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ, নাম দেখার সহজ পদ্ধতি – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়ার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এই অতিরিক্ত তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন। রাজ্যের বিবেচনাধীন ৬০ লক্ষ ভোটারের মধ্যে জুডিশিয়াল অফিসারদের দ্বারা যোগ্য বিবেচিত ব্যক্তিদের নামই এই তালিকায় স্থান পেয়েছে। আগামী শুক্রবার থেকে পর্যায়ক্রমে পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকাগুলো প্রকাশ করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে।
ভোটাররা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (voters.eci.gov.in) অথবা ইসিআই নেট (ECI Net) অ্যাপের মাধ্যমে অনলাইনে নাম যাচাই করতে পারবেন। পোর্টালে মোবাইল নম্বর ও ওটিপির মাধ্যমে লগ-ইন করে এপিক (EPIC) নম্বর দিয়ে তালিকা সার্চ করা যাবে। এছাড়া অফলাইনে জেলাশাসক, এসডিও, বিডিও অফিস এবং স্থানীয় বুথ স্তরেও এই তালিকা দেখার ব্যবস্থা করা হয়েছে।
যাঁদের নাম এই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তাঁদের জন্য আইনি প্রতিকারের ব্যবস্থা রেখেছে কমিশন। সংক্ষুব্ধ ভোটাররা চাইলে নির্দিষ্ট ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। এই উদ্দেশ্যে রাজ্যের ২৩টি জেলায় মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতিরা দায়িত্ব পালন করছেন। আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমেই সম্পন্ন করা যাবে।

