এসএসসি-র ‘দাগি’ তালিকা প্রকাশ, কেন ও কাদের চাকরি বাতিল হতে পারে? – এবেলা
এবেলা ডেস্কঃ
স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ফের ১৮০৬ জন শিক্ষক এবং ৩,৫১২ জন অশিক্ষক কর্মীর পূর্ণাঙ্গ ‘টেইন্টেড’ বা দাগি তালিকা প্রকাশ করল। বুধবার প্রকাশিত এই তালিকায় শুধুমাত্র নাম নয়, বরং কোন সুনির্দিষ্ট কারণে সংশ্লিষ্ট প্রার্থীদের ‘দাগি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে কমিশন স্পষ্ট জানিয়েছে যে, নিঁখুত যাচাইয়ের পরেও যদি কোনো অযোগ্য বা দাগি প্রার্থী চাকরিতে যোগ দেন, তবে বিষয়টি নজরে আসবামাত্রই কোনো আপস ছাড়াই সেই চাকরি বাতিল করা হবে। মূলত আদালতের নির্দেশে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া শুরুর ঠিক আগেই স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ নিয়েছে কমিশন।
তবে কমিশনের এই পদক্ষেপে প্রশ্নও উঠছে। প্রার্থীদের একাংশের মতে, নিয়োগ প্রক্রিয়ার ভেরিফিকেশন স্তরেই কেন এই ত্রুটি ধরা পড়ছে না? চাকরি পাওয়ার পর বাতিলের কথা বলে কমিশন কি নিজেদের আত্মবিশ্বাসের অভাব প্রকাশ করছে? এই আশঙ্কায় ফের আইনি জটিলতার ছায়া দেখছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

