লেটেস্ট নিউজ

ঐন্দ্রিলা শর্মার পরিবারে ফের সংকটের মেঘ: অসুস্থ মা-বাবা, উদ্বেগে দিদি ঐশ্বর্য – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার পরিবারে খুশির আমেজ কাটতে না কাটতেই ফের দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে। দিদি চিকিৎসক ঐশ্বর্য শর্মার আইনি বিয়ের রেশ কাটতে না কাটতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রীর বাবা উত্তম শর্মা। সম্প্রতি বুকে ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় হৃৎপিণ্ডে প্রায় আশি শতাংশ ব্লকেজ ধরা পড়ে। জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার করে স্টেন্ট বসানো হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

অন্যদিকে, ঐন্দ্রিলার মা শিখা শর্মার শারীরিক অবস্থাও স্থিতিশীল নয়। ক্যানসার আক্রান্ত শিখা দেবীর বর্তমানে কেমোথেরাপি চলছে। নিজের অসুস্থতা সত্ত্বেও স্ত্রীর দেখভালের জন্য হাসপাতাল থেকে দ্রুত বাড়ি ফিরেছেন উত্তম বাবু। অতীতে দুইবার ক্যানসার জয়ী ঐন্দ্রিলার অকাল প্রয়াণে এই পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছিল। এখন মা-বাবার বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন তাঁদের বড় মেয়ে ঐশ্বর্য।

পেশায় চিকিৎসক ও কনটেন্ট ক্রিয়েটর ঐশ্বর্যই এখন প্রবীণ দম্পতির মূল ভরসা। গত বছরও মায়ের অসুস্থতার সময় তিনিই সমস্ত দায়িত্ব সামলেছিলেন। বর্তমানে মা-বাবার ওষুধ এবং চিকিৎসার তদারকি করছেন তিনি। সম্প্রতি বাগদান সারলেও ব্যক্তিগত জীবনের আনন্দের মাঝে মা-বাবার স্বাস্থ্যের অবনতি তাঁকে বিচলিত করে তুলেছে। ঐন্দ্রিলার স্মৃতি আঁকড়ে থাকা শর্মা পরিবারের এই কঠিন সময়ে উদ্বিগ্ন ভক্তকূলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *