লেটেস্ট নিউজ

ওড়ার কয়েক সেকেন্ডেই আকাশ থেকে খসে পড়ল কলম্বিয়ার সেনাবিমান, ১২৫ আরোহীর মধ্যে ঝরল ৩৪ প্রাণ – এবেলা

এবেলা ডেস্কঃ

পুতুমায়ো (কলম্বিয়া): ওড়ার মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ভয়াবহ পরিণতি! ১২৫ জন আরোহী নিয়ে কলম্বিয়ার দক্ষিণ সীমান্ত অঞ্চল পুতুমায়োতে ভেঙে পড়ল সামরিক বাহিনীর একটি বিশাল ‘হারকিউলিস সি-১৩০’ বিমান। সোমবারের এই মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ৩৪ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।

কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, পেরু সীমান্তের কাছে অবস্থিত পুয়ের্তো লেগুইজামো থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। মূলত সেনাবাহিনীর সদস্যদের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের কাজ চলছিল। রানওয়ে থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে বিমানটি আছড়ে পড়ার সাথে সাথেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। বিমানের ভেতরে থাকা বিপুল পরিমাণ গোলাবারুদ বিস্ফোরিত হতে শুরু করায় উদ্ধারকাজ চরম ব্যাহত হয়।

প্রাথমিক তদন্ত শেষে প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, বিমানে কোনো নাশকতামূলক হামলার প্রমাণ মেলেনি। যান্ত্রিকভাবে সক্ষম বিমানটি অভিজ্ঞ ক্রু মেম্বাররাই চালাচ্ছিলেন। নির্মাতা সংস্থা লকহিড মার্টিন দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দুর্ঘটনাস্থল থেকে বিশালাকার কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। এখন পর্যন্ত ২০ জন আহত সেনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা দেখতে তল্লাশি অভিযান চালাচ্ছে সামরিক বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *