ওরাকল থেকে ছাঁটাই ৩০ হাজার কর্মী, ভারতে চাকরি হারালেন ১২ হাজার

বিশ্বজুড়ে মন্দার আবহে মার্কিন প্রযুক্তি সংস্থা ‘ওরাকল’ (Oracle) এক বিশাল কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, বিশ্বব্যাপী সংস্থাটি প্রায় ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করেছে, যার মধ্যে সবথেকে বড় কোপ পড়েছে ভারতের ওপর। এখানে কর্মরত প্রায় ১২ হাজার কর্মী তাঁদের কাজ হারিয়েছেন। অভ্যন্তরীণ কাঠামোয় পরিবর্তন এবং কাজের ধরন সরলীকরণের যুক্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত অস্টিন ভিত্তিক এই বহুজাতিক সংস্থাটি ইমেলের মাধ্যমে কর্মীদের পদ ‘অপ্রয়োজনীয়’ হয়ে পড়ার কথা জানিয়েছে।
ভারতে ওরাকলের মোট কর্মীসংখ্যা ছিল প্রায় ৩০ হাজার, যার একটি বড় অংশই এই ছাঁটাইয়ের ফলে সরাসরি প্রভাবিত হলেন। ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিশ্বজুড়ে ১ লক্ষ ৬২ হাজার পূর্ণকালীন কর্মী থাকলেও, বর্তমান পরিস্থিতিতে সেই সংখ্যা অনেকটা কমিয়ে আনছে সংস্থা। এখানেই শেষ নয়, সূত্রের খবর অনুযায়ী আগামী এক মাসের মধ্যে আরও এক দফা ছাঁটাইয়ের আশঙ্কা রয়েছে, যা আইটি সেক্টরে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। যদিও এই পুরো বিষয়টি নিয়ে ওরাকল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
ছাঁটাই হওয়া কর্মীদের জন্য সংস্থা একটি বিশেষ ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করেছে। তবে শর্ত অনুযায়ী, এই সুবিধা কেবল সেই সমস্ত কর্মীরাই পাবেন যারা ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের ভিত্তিতে স্বেচ্ছায় সংস্থা ছাড়বেন। ভারতের ক্ষেত্রে এই প্যাকেজের আওতায় কর্মীদের বাড়তি দুই মাসের বেতন দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে, কিছু প্রাক্তন কর্মীর অভিযোগ, ভারতে অত্যধিক কাজের চাপের প্রতিবাদ করায় তাঁদের চাকরি খোয়াতে হয়েছে। পাশাপাশি আমেরিকায় স্থানীয় আইন কঠোর হওয়ার কারণে ভারতীয় বংশোদ্ভূত কর্মীরাই সেখানে বেশি ছাঁটাইয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে ওরাকলের এই পদক্ষেপে প্রযুক্তি মহলে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
