ওষুধ ও মেডিকেল ডিভাইস করমুক্ত করার দাবিতে কলকাতায় সেলস রিপ্রেজেন্টেটিভদের ৫১তম রাজ্য সম্মেলন – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতার মহাজাতি সদনে গত ১৪ ও ১৫ মার্চ ‘অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন’-এর ৫১তম রাজ্য সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সম্মেলনে প্রায় দুই সহস্রাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে জনস্বার্থে ওষুধ ও মেডিকেল ডিভাইসকে সম্পূর্ণ করমুক্ত করার পাশাপাশি বিমার পরিবর্তে ‘সার্বজনীন স্বাস্থ্য’ পরিষেবা নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়।
সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অভিজিৎ রায় কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন। তিনি অবিলম্বে শ্রমিকবিরোধী শ্রমকোড বাতিল এবং সেলসকর্মীদের জন্য নির্দিষ্ট ‘ওয়ার্কিং রুলস’ প্রণয়নে ত্রিপাক্ষিক কমিটির সভা ডাকার দাবি জানান। এছাড়া বাজারে নকল ওষুধের রমরমায় লাগাম টানা এবং কর্মীদের সামাজিক সুরক্ষায় সরকারি বরাদ্দ বৃদ্ধির বিষয়েও সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হয়।
দুই দিনব্যাপী এই সম্মেলনে শ্রমিক স্বার্থ রক্ষায় একাধিক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। রাজ্যজুড়ে প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সংগঠনের আগামী দিনের কর্মসূচিও নির্ধারিত হয়। পরিশেষে, ১৫ মার্চ একটি বিশাল পদযাত্রার আয়োজনের মধ্য দিয়ে এই বার্ষিক সম্মেলন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।

