কংগ্রেস আমলেই বদলেছে আসামের জনবিন্যাস, অনুপ্রবেশ নিয়ে তোপ অমিত শাহের – এবেলা
এবেলা ডেস্কঃ
গুয়াহাটি: কংগ্রেস জমানায় আসামের জনবিন্যাস আমূল বদলে গিয়েছিল বলে কড়া আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার ১০ম ‘মিসিং যুব মহোৎসব’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি দাবি করেন, কংগ্রেসের আমলে অনুপ্রবেশকারীর সংখ্যা শূন্য থেকে বেড়ে ৬৪ লক্ষে দাঁড়িয়েছে, যার ফলে সাতটি জেলা আজ অনুপ্রবেশকারী অধ্যুষিত।
অমিত শাহের অভিযোগ, পূর্বতন সরকারের উদাসীনতায় আদিবাসী সম্প্রদায়গুলো নিজেদের পরিচয় সংকটে পড়েছিল। তবে মোদী সরকার এই ধারা রুখতে বদ্ধপরিকর। তিনি জানান, রাজ্যে ইতিমধ্য়েই ১.২৬ লক্ষ একর জমি অনুপ্রবেশকারীদের দখলমুক্ত করা হয়েছে। আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত শক্ত করার আহ্বান জানিয়ে শাহ বলেন, “আসামকে অনুপ্রবেশকারী মুক্ত করতে বিজেপির তৃতীয়বার ক্ষমতায় আসা প্রয়োজন।” মিসিং সম্প্রদায়ের প্রশংসা করে তিনি জানান, তাঁদের কঠোর পরিশ্রমের সংস্কৃতিই অনুপ্রবেশকারীদের এই অঞ্চলে ঢুকতে বাধা দিয়েছে।

