কটকের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড: আইসিইউতে ১০ রোগীর মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর – এবেলা
এবেলা ডেস্কঃ
ওড়িশার কটকস্থিত এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন আইসিইউ রোগীর মৃত্যু হয়েছে। ভোররাত ৩টে নাগাদ আচমকা আগুন লাগলে মুহূর্তের মধ্যে হাসপাতাল চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। উদ্ধারকাজ চলাকালীন ১১ জন স্বাস্থ্যকর্মী জখম হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুমু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মৃতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ঘটনাস্থল পরিদর্শন করে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিদ্যুৎ বিভ্রাটের পরেই আইসিইউতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। দমকল পৌঁছানোর আগেই হাসপাতালের কর্মী ও রোগীর আত্মীয়রা জানালার কাচ ভেঙে উদ্ধারকাজ শুরু করেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দোষী প্রমাণিতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

