লেটেস্ট নিউজ

কম খেয়েও ওজন বাড়ছে? সতর্ক না হলে বিপদ! জেনে নিন কারণ ও প্রতিকার – এবেলা

এবেলা ডেস্কঃ

অনেকেই মনে করেন খাবার কমিয়ে দিলেই ওজন দ্রুত কমবে। কিন্তু বাস্তবে দেখা যায়, সারাদিন প্রায় না খেয়ে থেকেও ওজন কমার বদলে উল্টে বেড়ে যাচ্ছে। অনেকে আবার ডায়েট থেকে চিনি পুরোপুরি বাদ দিয়েও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এই সমস্যাকে অবহেলা করা একদম উচিত নয়, কারণ এর পেছনে লুকিয়ে থাকতে পারে শরীরের ধীর বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম এবং বেশ কিছু শারীরিক জটিলতা।

দিল্লির রাজীব গান্ধী হাসপাতালের অধ্যাপক ডাঃ অজিত জৈনের মতে, কম খেয়েও ওজন বাড়ার মূল কারণগুলো হলো:

ধীর মেটাবলিজম বা ধীর বিপাক প্রক্রিয়া

সাধারণত ৪০ বছর বয়সের পর শরীরের ক্যালোরি পোড়ানোর ক্ষমতা কমে যায়। একে বলা হয় মেটাবলিক রেট কমে যাওয়া। এর ফলে আপনি যৎসামান্য খেলেও শরীর তা শক্তিতে রূপান্তর করতে পারে না, বরং চর্বি হিসেবে জমা করতে থাকে।

হরমোনের ভারসাম্যহীনতা

এটি বিশেষ করে নারীদের ক্ষেত্রে বেশি দেখা যায়। পিসিওএস (PCOS), মেনোপজ বা গর্ভাবস্থার পরবর্তী সময়ে শরীরে হরমোনের যে পরিবর্তন ঘটে, তা ওজন নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া থাইরয়েডের সমস্যা থাকলেও কম খেয়ে ওজন কমানো আসাম্ভব হয়ে পড়ে।

ভুল খাদ্যাভ্যাস ও ‘স্টার্ভেশন মোড’

দীর্ঘক্ষণ না খেয়ে থাকা বা শরীরের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কম খাওয়া ওজন কমানোর বদলে উল্টো বাড়িয়ে দেয়। দীর্ঘক্ষণ পেট খালি থাকলে শরীর মনে করে আপনি খাদ্যসংকটে আছেন, তখন সে ক্যালোরি খরচ না করে ভবিষ্যতের জন্য চর্বি হিসেবে জমা রাখতে শুরু করে।

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

অনেক সময় নির্দিষ্ট কিছু রোগের জন্য ব্যবহৃত স্টেরয়েড জাতীয় ওষুধ বা নিয়মিত কিছু ওষুধের প্রভাবেও শরীরের ওজন অস্বাভাবিকভাবে বাড়তে পারে।

ওজন নিয়ন্ত্রণে রাখার কার্যকরী কৌশল:

  • পুষ্টিকর সুষম আহার: খাবার একেবারে কমিয়ে না দিয়ে প্রোটিন, ফাইবার ও কার্বোহাইড্রেটের সঠিক ভারসাম্য বজায় রাখুন। অল্প অল্প করে বারবার খাওয়ার অভ্যাস করুন।
  • নিয়মিত শরীরচর্চা: ডায়েটের পাশাপাশি মেটাবলিজম বাড়াতে প্রতিদিন অন্তত ৩০-৪০ মিনিট ঘাম ঝরানো ব্যায়াম বা দ্রুত হাঁটা জরুরি।
  • পর্যাপ্ত ঘুম: দৈনিক ৭-৮ ঘণ্টা গভীর ঘুম শরীরের হরমোন নিয়ন্ত্রণে রাখতে এবং চর্বি পোড়াতে সাহায্য করে।
  • মানসিক প্রশান্তি: অতিরিক্ত দুশ্চিন্তা বা স্ট্রেস ওজন বৃদ্ধির অন্যতম কারণ। মন শান্ত রাখতে নিয়মিত যোগব্যায়াম বা ধ্যানের অভ্যাস করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *