কর্মী সংকটে থমকে যাওয়ার মুখে শিক্ষক নিয়োগ: সময়সীমা মানতে আদালতের দ্বারস্থ এসএসসি – এবেলা
এবেলা ডেস্কঃ
স্কুল সার্ভিস কমিশনে (এসএসসি) শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চললেও কর্মী সংকটে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কমিশনের মোট ৩৫ জন কর্মীর মধ্যে ২৪ জনকেই ভোটের ডিউটিতে পাঠানো হয়েছে বলে কলকাতা হাইকোর্টে অভিযোগ জানিয়েছে এসএসসি। এর ফলে Supreme \titleonly কোর্টের বেঁধে দেওয়া ৩১ আগস্টের সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা প্রায় আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে। কমিশন আদালতকে জানিয়েছে, তারা একটি স্বশাসিত সংস্থা হওয়ায় কর্মীদের এভাবে ঢালাও নির্বাচনী কাজে লাগানো সমীচীন নয়।
বর্তমানে একাদশ-দ্বাদশ শ্রেণির কাউন্সেলিং এবং নবম-দশম শ্রেণির ইন্টারভিউ ও নথি যাচাইয়ের কাজ চলছে। এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ ও বিপুল সংখ্যক কর্মীর প্রয়োজন হয়। স্থায়ী কর্মীদের সরিয়ে নেওয়ায় পুরো প্রক্রিয়াটি থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। নিয়োগের গতি বজায় রাখতে আদালতের হস্তক্ষেপ চাইছে কমিশন।
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শুধু ইন্টারভিউ নয়, প্রার্থীদের মেডিকেল টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশনও অত্যন্ত জরুরি। ভোটের ডিউটির কারণে এই কাজগুলোও সময়মতো শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। এর পাশাপাশি ভুল শূন্যপদ সংশোধন করে নতুন তালিকা প্রকাশ করেছে এসএসসি। সব মিলিয়ে আইনি জটিলতা, প্রশাসনিক কাজ এবং কর্মী সংকটের মধ্যে দিয়ে এক কঠিন সময়ের মোকাবিলা করছে স্কুল সার্ভিস কমিশন।

