কলকাতায় পরিবহণ পরিষেবায় জোয়ার: দু’টি নতুন অটো রুটের অনুমোদন রাজ্য সরকারের – এবেলা
এবেলা ডেস্কঃ
February 26, 202610:46 am
শহরের গণপরিবহণ ব্যবস্থাকে আরও গতিশীল করতে কলকাতায় দু’টি নতুন অটো রুট চালুর অনুমোদন দিল রাজ্য পরিবহণ দফতর। পরিবহণ সচিব সৌমিত্র মোহনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনসাধারণের যাতায়াতের সুবিধার পাশাপাশি পরিবহণ পরিষেবার সম্প্রসারণই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ থেকে ইতিপূর্বেই এই রুটগুলির জন্য প্রয়োজনীয় অনাপত্তি শংসাপত্র সংগ্রহ করা হয়েছে।
প্রথম রুটটি বাবু বাজার ট্রাম ডিপো থেকে মোমিনপুর পর্যন্ত বিস্তৃত, যেখানে ২৫টি অটো চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। দ্বিতীয় রুটটি রাজাবাজার ট্রাম ডিপো থেকে তপসিয়া পর্যন্ত, যেখানে ৫০টি পারমিট বরাদ্দ করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণে রাখতে রাজাবাজার রুটের টার্মিনাসটি রাজাবাজার ক্রসিংয়ের দক্ষিণ দিকে সরানোর নির্দেশ দিয়েছে প্রশাসন।
গত বছরের উচ্চপর্যায়ের বৈঠকের পর গৃহীত এই সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হতে চলেছে। সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলাতে এবং নিত্যযাত্রীদের ভোগান্তি কমাতে এই নতুন রুটগুলি বিশেষ সহায়ক হবে বলে আশাবাদী পরিবহণ দফতর।

