কলকাতায় মরসুমের প্রথম কালবৈশাখীর তাণ্ডব, ৪০ জায়গায় গাছ উপড়ে বিপত্তি, ফের ঝড়ের পূর্বাভাস – এবেলা
এবেলা ডেস্কঃ
মরসুমের প্রথম কালবৈশাখীর দাপটে সোমবার রাতে লণ্ডভণ্ড হয়ে গেল কলকাতা। আলিপুরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭২ কিলোমিটার। প্রবল ঝোড়ো হাওয়ায় দক্ষিণ কলকাতার টালিগঞ্জ, বেহালা ও আলিপুরসহ প্রায় ৪০টি জায়গায় গাছ উপড়ে পড়েছে। রাত ৯টা থেকে সাড়ে ১২টার মধ্যে শহরে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে এক ধাক্কায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিচে নেমে এসেছে।
কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, ঝড়ের প্রভাবে শহরের বিভিন্ন প্রান্তে গাছ উপড়ে পড়ার পাশাপাশি বেশ কিছু বাড়ির জানলার কাঁচও ভেঙেছে। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ থেকেই এই শক্তিশালী ‘স্কোয়াল’ বা ঝোড়ো হাওয়ার উৎপত্তি। ঝাড়গ্রাম, বাঁকুড়া ও হাওড়াতেও কালবৈশাখীর ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে। তবে এই বৃষ্টির জেরে ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তি পেয়েছেন শহরবাসী।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ মার্চের মধ্যে কলকাতায় ফের একবার বজ্রঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আপাতত শুক্রবার পর্যন্ত বড় কোনো ঝড়ের সতর্কতা না থাকলেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আর্দ্রতা ও গরম বাড়লে ফের কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কমে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

