কলকাতায় শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক: মেটাকাফ স্ট্রিটে বাড়ি হেলে পড়ার গুঞ্জন – এবেলা
এবেলা ডেস্কঃ
শুক্রবার দুপুরে ৫.৫ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, দুপুর ১টা ২২ মিনিটে অনুভূত এই কম্পনের উৎসস্থল ছিল বাংলাদেশ সীমান্ত সংলগ্ন টাকি থেকে ২৬ কিলোমিটার দূরে। মাত্র কয়েক সেকেন্ডের এই কম্পনে তিলোত্তমার জনজীবন স্তব্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভূমিকম্পের পরেই মধ্য কলকাতার ৩৪এ মেটাকাফ স্ট্রিটের একটি বহুতল হেলে পড়ার খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। তবে প্রাথমিক তদন্ত ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভবনটির ওই অংশ দীর্ঘ দিন ধরেই একই অবস্থায় ছিল। নতুন করে কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন না মেলায় আতঙ্ক কিছুটা প্রশমিত হয় এবং দমকল কর্মীরা এলাকা ত্যাগ করেন।
ভূমিকম্পের জেরে মহানগরের অফিস, শপিং মল ও আবাসন থেকে মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। আতঙ্ক ছড়ালেও বড় ধরনের কোনো প্রাণহানি বা পরিকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

