কলকাতা মেট্রোয় নিষিদ্ধ সামগ্রীর তালিকা প্রকাশ, নিয়ম ভাঙলে জেল ও জরিমানার হুঁশিয়ারি – এবেলা
এবেলা ডেস্কঃ
শহরের লাইফলাইন কলকাতা মেট্রোয় যাত্রীনিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি স্টেশনে স্টেশনে নিষিদ্ধ বস্তুর তালিকা টাঙিয়ে যাত্রীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক যাত্রীই অজান্তে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বা ধারালো সরঞ্জামের পাশাপাশি চারাগাছ, কাঁচা মাংস, মাছ এবং মদের মতো সামগ্রী নিয়ে স্টেশনে প্রবেশ করছেন, যা বর্তমানে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
মেট্রো কর্তৃপক্ষের নির্দেশিকা অনুযায়ী, চার সেন্টিমিটারের বেশি ব্লেডযুক্ত ছুরি, কাঁচি, কুঠার, হাতুড়ি, স্ক্রু-ড্রাইভার বা শাবল বহন করা দণ্ডনীয় অপরাধ। এছাড়া পেট্রোলিয়াম, স্পিরিট, অ্যাসিড, বিষাক্ত রাসায়নিক এবং দাহ্য পদার্থ নিয়ে মেট্রোয় ওঠা যাবে না। বিশেষ করে শ্রমিক বা রাজমিস্ত্রিদের কাজের সরঞ্জাম এবং সাধারণ যাত্রীদের সিল না করা খাদ্যবস্তু বা উদ্ভিদ বহনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
নিরাপত্তা তল্লাশিতে এই ধরণের নিষিদ্ধ বস্তু ধরা পড়লে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম লঙ্ঘনকারীদের ক্ষেত্রে ৫০০ টাকা জরিমানা থেকে শুরু করে সর্বোচ্চ চার বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আরপিএফ-এর সঙ্গে অপ্রীতিকর বচসা এড়াতে এবং যাত্রা নির্বিঘ্ন করতে মেট্রোয় ওঠার আগেই নিষিদ্ধ সামগ্রীর তালিকা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

