কলম্বিয়ায় ভয়াবহ বিমান বিপর্যয়, নিখোঁজ বহু যাত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
১১৪ জন যাত্রী নিয়ে কলম্বিয়ার গহীন অরণ্যে আছড়ে পড়ল বায়ুসেনার বিমান। আকাশ থেকে আগুনের গোলার মতো নিচে নেমে আসার হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। প্রাথমিক তথ্যে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন।
সোমবার সকালে পেরু সীমান্তের পুয়ের্তো লেগুইজামো থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই লকহিড মার্টিন হারকিউলিস সি-১৩০ মডেলের এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় শহুরে এলাকা থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে আমাজনের গভীর জঙ্গলে বিমানটি আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ক্যামেরায় ধরা পড়া ভিডিওতে দেখা গেছে, ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নামতে শুরু করে বিমানটি এবং মুহূর্তেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।
বিমানের আরোহীদের সংখ্যা নিয়ে তথ্যের কিছুটা ভিন্নতা থাকলেও এয়ারফোর্স কমান্ডার ফার্নান্দো সিলভা জানিয়েছেন, বিমানটিতে ১১৪ জন যাত্রী ও ১১ জন ক্রু সদস্য ছিলেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে উদ্ধারকাজে গতি আনার নির্দেশ দিয়েছেন। তবে নিখোঁজ যাত্রীদের ভাগ্য নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এই মর্মান্তিক ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন প্রেসিডেন্ট পেত্রো। তিনি সামরিক বাহিনীর আধুনিকীকরণে আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেছেন। এক বার্তায় তিনি সাফ জানান, দ্রুত অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম ক্রয়ের অনুমোদন না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। বর্তমানে দুর্ঘটনাস্থলে জোরকদমে তল্লাশি চলছে এবং দুর্ঘটনার সঠিক কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে কলম্বিয়ান প্রশাসন।

